তুরস্ক ইসরাইলের জন্য তাদের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করেছে এবং ইসরাইলের সঙ্গে সকল প্রকার বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) আকাশসীমা ও বাণিজ্য বন্ধ বিষয়ে তুরস্কের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, “আমরা ইসরাইলের সঙ্গে সম্পূর্ণভাবে বাণিজ্য বন্ধ করেছি। তাদের বিমান যাতে আমাদের আকাশসীমায় প্রবেশ করতে না পারে, সে জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, গত দুই বছর ধরে গাজায় ইসরাইল “গণহত্যা” চালাচ্ছে।
গত বছর মে মাসে তুরস্ক গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবিক ত্রাণ প্রবেশের দাবিতে ইসরাইলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে। ২০২৩ সালে দুই দেশের মধ্যে ৭ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজা যুদ্ধকে “গণহত্যা” হিসেবে আখ্যায়িত করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা হিটলারের সঙ্গে তুলনা করেছেন।
আল জাজিরার সাংবাদিক রাসুল সর্দার বলেন, “এটি শুধু গাজার মানবিক সংকটের বিষয় নয়। তুরস্কের কাছে ইসরাইল ধীরে ধীরে জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে উঠছে।” তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে ইসরাইলের ক্রমবর্ধমান আগ্রাসন, বিশেষ করে সিরিয়ায় ১৪ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটির পুনরুদ্ধার প্রচেষ্টা ব্যাহত করার অভিযোগ তুরস্ক তুলেছে। ফিদানের মন্তব্য থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন থাকা সত্ত্বেও তুরস্ক অন্য দেশগুলোকে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উৎসাহিত করছে।
আরও পড়ুন: চলমান সংঘাতে অর্থনৈতিক সংকটে ইসরাইল
গত সপ্তাহে তুরস্কের গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ইসরাইলের সঙ্গে সামুদ্রিক বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইসরাইলি জাহাজগুলো তুরস্কের বন্দরে ভিড়তে পারবে না এবং তুরস্কের পতাকাবাহী জাহাজগুলো ইসরাইলের বন্দরে যাবে না। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশিত হয়নি।
ইসরাইলি রাজনৈতিক বিশ্লেষক আকিভা এল্ডার আল জাজিরাকে বলেন, “তুরস্ক শুধু একটি দেশ নয় যে আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তুরস্ক বহু বছর ধরে ইসরাইলের মিত্র ছিল এবং ইসরাইলি পণ্যের জন্য গুরুত্বপূর্ণ বাজার।” তিনি আরও বলেন, “এই যুদ্ধের কারণে ইসরাইলিরা ক্রমশ বিচ্ছিন্ন ও একাকী বোধ করছে।”
তথ্যসূত্র: আল জাজিরা


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































