প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-newsedge4

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় ৫ হাজার রুশ-নির্মিত ইগলা-এস ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন, তার দেশের হাতে রয়েছে ৫,০০০ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা দেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানে স্থাপিত হয়েছে। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশন ভেনেজোলানা ডি টেলেভিসিয়ন-এ সম্প্রচারিত সামরিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাদুরো বলেন, “বিশ্বের যেকোনো সামরিক বাহিনী রুশ-নির্মিত ইগলা-এস-এর ক্ষমতা সম্পর্কে জানে। ভেনেজুয়েলার হাতে এর সংখ্যা ৫,০০০-এর কম নয়।” এই ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প-পাল্লার এবং নিচু উচ্চতায় আঘাত হানতে সক্ষম, যা যুক্তরাষ্ট্রের স্টিংগারের সমতুল্য। এগুলো ক্রুজ মিসাইল, ড্রোন, হেলিকপ্টার ও নিচু উড়ন্ত যুদ্ধবিমান ভূপাতিত করতে পারে। মাদুরো জানান, “এগুলো এত হালকা যে একজন সৈনিক একাই বহন করতে পারেন। আমরা এগুলো মোতায়েন করেছি দেশের শেষ পাহাড়, শেষ শহর ও শেষ গ্রাম পর্যন্ত।”

সম্প্রতি যুক্তরাষ্ট্র ৪,৫০০ মেরিন ও নৌসেনা সদস্যকে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করেছে। ওয়াশিংটন বলছে, এটি মাদক চোরাচালান প্রতিরোধ ও সামরিক শক্তি প্রদর্শনের অংশ। তবে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় উপকূলে বেশ কয়েকটি নৌকায় প্রাণঘাতী হামলা চালিয়েছে, যেগুলোকে তারা ‘নার্কো-বোট’ বলে দাবি করেছে। মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *