রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইউক্রেন ন্যাটো সামরিক জোটে যোগদানের দীর্ঘদিনের লক্ষ্য থেকে সরে এসেছে। বিনিময়ে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি পেয়েছে তারা। রোববার (১৪ ডিসেম্বর) বার্লিনে শান্তি আলোচনা শুরুর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জেলেনস্কি জার্মান রাজধানীতে যাওয়ার পথে এই ছাড়ের কথা জানান।
জেলেনস্কি বলেন, “যুদ্ধ শেষ করতে আমরা ন্যাটো সদস্যপদের দাবি তুলে নিচ্ছি। বিনিময়ে পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তা পাব। এটি আমাদের জন্য বড় পরিবর্তন, কিন্তু যুদ্ধ বন্ধ করতে এই ছাড় দিতে হবে।”
জেলেনস্কি বার্লিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটির লক্ষ্য ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত সমাধানে পদক্ষেপ নেওয়া। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের আয়োজনে বৈঠক শুরু হয়। মেৎসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দুই পক্ষকে আলাপ-আলোচনার জন্য ছেড়ে দেন। অন্যান্য ইউরোপীয় নেতারাও সোমবার জার্মানিতে যোগ দেন।
আরও পড়ুন: ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনায় রাশিয়ার ব্যাপক হামলা
ইউরোপীয় নেতারা এই পদক্ষেপকে “ইউক্রেনের স্বাধীন সিদ্ধান্ত” হিসেবে সম্মান করার কথা বলেছেন। তবে পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগ রয়েছে—এতে ইউক্রেনের নিরাপত্তা আরও দুর্বল হতে পারে।
রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “যদি ইউক্রেন ন্যাটোতে যোগ না দেয় তাহলে শান্তি আলোচনার পথ সহজ হবে।”



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































