মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্রমণ নিষেধাজ্ঞার আওতা আরও বাড়িয়ে পাঁচটি নতুন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তালিকায় ফিলিস্তিনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই ঘোষণা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন অভিবাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে এ তালিকা আরও বড় করেছে।
নতুন পাঁচ দেশের তালিকায় রয়েছে ফিলিস্তিন সিরিয়া বুরকিনা ফাসো মালি নাইজার এবং দক্ষিণ সুদান। এর আগে গত জুনে ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দেশগুলো হলো—ইরান, আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন। তাই নথিতে সরাসরি ‘ফিলিস্তিন রাষ্ট্র’ বলা হয়নি। এমনকি ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড’ বলতেও নারাজ ট্রাম্প প্রশাসন। নথিতে ফিলিস্তিনিদের ‘পিএ বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদিত ভ্রমণ নথি নিয়ে ভ্রমণের চেষ্টাকারী ব্যক্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বাড়ছে
সম্প্রতি ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের দুজন সদস্যকে গুলি করা হয়। তাদের একজন পরে মারা যান। এর পর থেকে ট্রাম্প প্রশাসন অভিবাসনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেয়। ট্রাম্প ‘তৃতীয় বিশ্ব’ থেকে অভিবাসনের ওপর ‘স্থায়ী স্থগিতাদেশ’ ঘোষণা করেন। এর কয়েক সপ্তাহ পর ভ্রমণ নিষেধাজ্ঞার আওতা আরও বাড়ানো হলো।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































