যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে আকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে একজন পাইলট নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। রোববার বেলা ১১টা ২৫ মিনিটে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের ওপর এ দুর্ঘটনা ঘটে।
হামোন্টন পুলিশ প্রধান কেভিন ফ্রিল জানান, দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার দ্রুত ঘূর্ণায়মান অবস্থায় মাটিতে আছড়ে পড়ছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, এটি আকাশে সংঘটিত মুখোমুখি সংঘর্ষ। এন্সট্রম এফ-২৮এ মডেলের একটি হেলিকপ্টারের সঙ্গে এন্সট্রম ২৮০সি মডেলের আরেকটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। দুটি হেলিকপ্টারে কেবল পাইলটই ছিলেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































