তেহরানে বিক্ষোভে ২০০-এর বেশি নিহত-newsedge24

ইরানের রাজধানী তেহরানে চলমান বিক্ষোভে এক রাতেই ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই আন্দোলন সহিংস হয়ে উঠলে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলিতে এই বিক্ষোভকারী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। নিহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায়, ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকেও উপেক্ষা করা হয়েছে। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে।

গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন এখন পর্যন্ত ৩১টি শহরে ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও তেহরানসহ অন্যান্য স্থানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন।

ওই চিকিৎসক টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন, শুক্রবার হাসপাতাল থেকে এসব মরদেহ সরিয়ে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের ওপর মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়েছে। সেখানে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহতদের বেশিরভাগই তরুণ।

তবে টাইম ম্যাগাজিন জানিয়েছে, হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ইরান সরকার এখন পর্যন্ত এই হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *