বিল গেটস-Bill Gates-newsedge24

দণ্ডিত যৌন অপরাধী ও অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইনের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ রাখাকে “বড় ভুল” বলে স্বীকার করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে এক টাউন হল বৈঠকে তিনি নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফাউন্ডেশনের একজন মুখপাত্রের লিখিত বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে গেটস বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন এবং নিজের সিদ্ধান্তের দায়িত্ব স্বীকার করেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গেটস এপস্টেইনের সঙ্গে যোগাযোগ রাখাকে “বড় ভুল” হিসেবে উল্লেখ করে কর্মীদের কাছে ক্ষমা চান।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) প্রকাশিত নথিতে দেখা গেছে, কারাদণ্ড ভোগের পরও এপস্টেইনের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেন বিল গেটস। এসব সাক্ষাতে মাইক্রোসফট প্রতিষ্ঠাতার দাতব্য কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। গেটস বলেন, এপস্টেইনের সঙ্গে সময় কাটানো এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের তার সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়া ছিল ভুল সিদ্ধান্ত। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “আমার ভুলের কারণে অন্যরা এতে জড়িয়ে পড়েছে। এর জন্য আমি দুঃখিত।”

তবে গেটস দাবি করেন, তিনি কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না এবং কোনো অনৈতিক কিছু দেখেননি। প্রকাশিত নথিতে তার সঙ্গে কিছু নারীর ছবি থাকলেও তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। গেটস জানান, এসব ছবি এপস্টেইনের অনুরোধে তার সহকারীদের সঙ্গে বৈঠকের পর তোলা হয়েছিল এবং তিনি কখনো এপস্টেইনের ভুক্তভোগীদের সঙ্গে সময় কাটাননি।

গেটস ফাউন্ডেশনের মুখপাত্র আরও বলেন, টাউন হল বৈঠকে বিল গেটস খোলামেলা ও বিস্তারিতভাবে প্রশ্নের উত্তর দেন এবং এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশ নিয়েও আলোচনা করেন। এ বিষয়ে এটিই ফাউন্ডেশনের চূড়ান্ত মন্তব্য। এর আগে চলতি মাসে ফাউন্ডেশন জানায়, তারা কখনো এপস্টেইনকে অর্থ প্রদান করেনি বা তাকে কোনোভাবে নিয়োগও দেয়নি।

আরও পড়ুন: এপস্টেইন ফাইলসে মোদির নাম, ভিত্তিহীন দাবী ভারতের

জেফ্রি এপস্টেইন ২০১৯ সালে কারাগারে আত্মহত্যা করেন। তার বিরুদ্ধে যৌন নির্যাতন ও অপহরণের অভিযোগ ছিল। এপস্টেইনের সঙ্গে গেটসের যোগাযোগের বিষয়টি বছরের পর বছর ধরে আলোচনায় থাকলেও এবার প্রথমবারের মতো গেটস নিজে কর্মীদের সামনে ক্ষমা চেয়ে দায় স্বীকার করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *