পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর ইরানে পুনরায় হামলা ও হরমুজ প্রণালিতে নৌ অবরোধের হুমকির মুখেও কোনো হুমকির কাছে নত না হওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
ইসলামাবাদ থেকে তেহরানে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, “তারা যদি যুদ্ধ করে, আমরাও যুদ্ধ করব। আর যদি তারা যুক্তি নিয়ে এগিয়ে আসে, আমরাও যুক্তি দিয়েই জবাব দেব। আমরা কোনো হুমকির কাছে নত হব না। তারা আবার আমাদের সংকল্প পরীক্ষা করে দেখুক। আমরা তাদের আরও বড় শিক্ষা দেব।” গালিবাফ আরও বলেন, আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দেওয়ার পর এই কড়া প্রতিক্রিয়া এসেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)ও যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
আরও পড়ুন: ইরানে বিমান হামলার চিন্তা ট্রাম্পের, হরমুজ প্রণালিতে নৌ অবরোধ শুরু
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করে বলেন, উভয় পক্ষ ইতিবাচক মনোভাব বজায় রেখে স্থায়ী শান্তির পথে এগিয়ে যাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানান, আলোচনায় হরমুজ প্রণালি, পারমাণবিক ইস্যু, যুদ্ধ ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তিসহ সব বিষয় উঠে এসেছে।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































