যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ৩৪ বছরেরও বেশি সময় পর আজ বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের নেতারা সরাসরি কথা বলবেন। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, “ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করছি। অনেকদিন পর, প্রায় ৩৪ বছর পর দুই দেশের নেতারা কথা বলবেন। এটি আগামীকালই হবে।”
এর একদিন আগে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা তিন দশকেরও বেশি সময় পর প্রথম সরাসরি কূটনৈতিক বৈঠক করেন। ওই বৈঠকে লেবানন ইসরায়েলের বিধ্বংসী হামলা বন্ধের আহ্বান জানায়। তবে কোন নেতারা এই আলোচনায় অংশ নেবেন, তা ট্রাম্প নির্দিষ্ট করে বলেননি। ইসরায়েল ও লেবাননের পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত ২ মার্চ থেকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে লেবানন জড়িয়ে পড়ে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা পুনরায় শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। হিজবুল্লাহ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিক্রিয়ায় তারা এ হামলা চালিয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় শি জিনপিং এর চার দফা প্রস্তাব
ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে ‘নিরাপত্তা বাফার অঞ্চল’ গড়ে তোলার চেষ্টা করছে ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও বিস্তারের নির্দেশ দিয়েছেন এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে লেবানন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে লেবানন সরকার যুদ্ধবিরতি ও দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































