প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-newsedge24

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই নৌপথে তিনটি জাহাজে হামলার একদিন পরই তিনি ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন।

এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন দফার হামলা চালিয়েছে। হামলার পর দেশটির দক্ষিণ উপকূলের কিশ দ্বীপ, বন্দর আব্বাস, কোনারাক ও চাবাহার শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। চাবাহারের কিছু অংশে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।

হামলার নির্দেশ দেওয়ার আগে ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সঙ্গে কার্যকর থাকা যুদ্ধবিরতি আর বহাল নেই। তার এ বক্তব্যের পর পাকিস্তান, কাতার এবং জাতিসংঘ উভয় পক্ষকে সংযম প্রদর্শন ও উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।

তবে ট্রাম্প একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন যে, পাল্টাপাল্টি হামলা দীর্ঘমেয়াদি সংঘাতে রূপ নেবে না এবং কূটনৈতিক আলোচনার সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি।

সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তার প্রতি ইরানের হুমকি কমাতেই এই হামলা চালানো হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও এলএনজি এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

আরও পড়ুন: খামেনির জানাজায় জনতার কান্নায় ট্রাম্পের বিস্ময়

অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যুক্তরাষ্ট্র এখনো বুঝতে পারেনি যে, চাপ প্রয়োগ ও প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি আছে। আপনারা যদি হামলা করেন, তার জবাবও হামলার মাধ্যমেই দেওয়া হবে।”

ইরানের প্রধান আলোচকও বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কেবল ইরানের নির্ধারিত ব্যবস্থাপনার আওতায়ই স্বাভাবিক থাকবে।

1 comment on “হরমুজে হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি ভয়াবহ হবে: ট্রাম্প”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *