নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৮০০ জনের বেশি মানুষ। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নেপাল পুলিশ তার সর্বশেষ তথ্যে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ২টা ৩০ মিনিট নাগাদ ২৮৯ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বিদেশীসহ ১৫০০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে।
রাসুয়া জেলায় হিমবাহ ও পাথরের ধস থেকে সৃষ্ট প্রবল ঢলে ভোতে কোশি ও ত্রিশূলী নদী অববাহিকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। পানির প্রবল স্রোতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ভেসে গেছে। দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়েছে।
নিখোঁজদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিদেশি পর্যটক, তীর্থযাত্রী, পুলিশ সদস্য ও বিভিন্ন প্রকল্পে কর্মরত ব্যক্তিরাও রয়েছেন। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, নেপাল ও চীনের তিব্বত মিলিয়ে নিখোঁজের সংখ্যা প্রায় ১ হাজার ৫০০ হতে পারে।
নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং আরও মরদেহ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































