পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিউটাউনে এক অনুষ্ঠানে ইঙ্গিতে ফাঁস করেছেন যে, ভারত সরকারের প্রচ্ছন্ন মদদে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় অবস্থান করছেন। দুটি আবাসন প্রকল্পের উদ্বোধনে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে, আমি কি না বলেছি।” আশ্রয়ের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, পার্শ্ববর্তী দেশটি বিপদে পড়েছে।
মমতা আরও জানান, “অতিথি হিসেবে রাখার রাজনৈতিক কারণ রয়েছে। ভারত সরকারের অন্য কোনও কারণও থাকতে পারে। কিন্তু আমরা তো কিছু বলিনি।” তিনি অভিযোগ করেন, বাংলায় কথা বললে বাংলাদেশি হয়ে যাওয়ার দাবি তুলে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। তিনি বলেন, “বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল, এটা কখনো হয়! ১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তির ফলে ভারতে আসা উদ্বাস্তুরা সকলে ভারতের নাগরিক, বাংলাদেশি নয়।”
আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু
মমতা কেন্দ্রের উদ্দেশে প্রশ্ন তোলেন, “আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি!” তিনি জানান, বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয় ও বিশ্বে পঞ্চম। তিনি আরও বলেন, “বাংলায় বাংলাদেশি টান থাকতেই পারে, ওপার বাংলায় তারা ছিলেন, এটা ভুলে গেলে চলবে না।” তিনি বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদ করে রাজপথে মিছিলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে, এই হেনস্থা তিনি মানবেন না।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































