রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু ও ৭৮ জনের আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকবার্তা পাঠানোর পর ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠিতে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক ও আহতদের জন্য সব ধরনের সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ সরকারের কাছে পাঠানো চিঠিতে ভারতীয় হাইকমিশন গভীর সমবেদনা জানিয়ে বলেছে, “এই বিয়োগান্তক দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।”
চিঠিতে আহতদের জন্য যেকোনো গুরুত্বপূর্ণ মেডিকেল সাপোর্ট প্রদানের বিষয়ে তথ্য শেয়ার করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, “যদি কোনো আহত ব্যক্তির জন্য ভারতে উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তবে ভারতীয় হাইকমিশন প্রয়োজনীয় সব ধরনের সুবিধা প্রদানে প্রস্তুত।”
আরও পড়ুন: মাইলস্টোন ট্র্যাজেডি: মৃতের সংখ্যা বেড়ে ২৭ জন নিহত, চিকিৎসাধীন ৭৮
ভারতীয় হাইকমিশনের চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ভারত সরকার এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে ভারতের হাসপাতালগুলোতে বিশেষায়িত চিকিৎসা সেবা এবং পুনর্বাসন সুবিধা প্রদানের জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এছাড়া, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসন সুবিধা এবং মানসিক স্বাস্থ্য সহায়তার প্রস্তাবও দেওয়া হয়েছে। হাইকমিশন বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে দ্রুত এই সহযোগিতা বাস্তবায়নের জন্য প্রস্তুত বলে জানিয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































