সুদানে ভয়াবহ ভূমিধস-newsedge4

পশ্চিম সুদানে মাররা পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসে অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিদ্রোহী সংগঠন সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ) সোমবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এই দুর্যোগে উত্তর দারফুরের তারাসিন গ্রাম প্রায় পুরোপুরি মাটির নিচে চাপা পড়েছে, এবং কেবল একজন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

সুদান লিবারেশন মুভমেন্ট জানিয়েছে, কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতের পর গত রোববার (৩১ আগস্ট) এই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। এতে তারাসিন গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংগঠনের নেতা আবদেল ওয়াহিদ মোহাম্মদ নূরের নেতৃত্বাধীন গোষ্ঠীটি জানায়, গ্রামের প্রায় সব বাসিন্দা, অর্থাৎ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান গৃহযুদ্ধের কারণে উত্তর দারফুরের অনেক বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে মাররা পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। এই দুর্গম এলাকায় খাদ্য ও ওষুধের তীব্র সংকট বিরাজ করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। গৃহযুদ্ধের ফলে সুদানে অর্ধেকেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। গত বছর একজন মার্কিন কর্মকর্তার অনুমান অনুযায়ী, এই সংঘাতে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

ভূমিধসে নিহতদের মরদেহ উদ্ধার ও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য সুদান লিবারেশন মুভমেন্ট জাতিসংঘ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গম এলাকা এবং চলমান গৃহযুদ্ধের কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *