সামাজিক মাধ্যম নিষিদ্ধে নেপালে বিক্ষোভ-newsedge24

নেপালের রাজধানী কাঠমুন্ডুতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ নিষিদ্ধ এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জেন-জি বিক্ষোভকারীদের সহিংস বিক্ষোভে অন্তত ৮ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন। বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে পার্লামেন্টের কাছে প্রবেশের চেষ্টা করলে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে। কাঠমুন্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, কিছু বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনের প্রাঙ্গণে প্রবেশ করতে সক্ষম হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

প্রধান জেলা কর্মকর্তা ছবিলাল রিজাল জানান, স্থানীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। সাধারণ জনগণকে বিক্ষোভ, জনসমাবেশ এবং যেকোনো ধরনের গতিবিধি থেকে দূরে থাকার জন্য কঠোর সতর্কতা জারি করা হয়েছে। কারফিউ কাঠমুন্ডুর বানেশ্বর এলাকা ছাড়াও প্রেসিডেন্টের বাসভবন (শীতল নিবাস), প্রধানমন্ত্রীর বাসভবন (বালুয়াতার), সিংহ দরবার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় সম্প্রসারিত হয়েছে।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে গাছের ডাল, পানির বোতল এবং অন্যান্য জিনিস নিক্ষেপ করে এবং সরকারবিরোধী স্লোগান দেয়। এর জবাবে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে বিক্ষোভ দমনের চেষ্টা করে। রাবার বুলেটের আঘাতে কাঠমুন্ডুর কানতিপুর টিভির সাংবাদিক শ্যাম শ্রেষ্ঠ আহত হয়েছেন এবং তিনি বর্তমানে সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নিজ এলাকা দামাকে আরেকজন ব্যক্তি আহত হয়েছেন।

নেপাল সরকার গত শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) থেকে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ ২৬টি অনিবন্ধিত সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ব্লক করে। সরকারের দাবি, এই প্ল্যাটফর্মগুলোতে ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা সংবাদ, বিদ্বেষমূলক বক্তব্য এবং প্রতারণার মতো অপরাধ বৃদ্ধি পেয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে, যা জেন-জি বিক্ষোভকারীদের রাস্তায় নামার অন্যতম কারণ।

আরও পড়ুন: লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ থেকে গ্রেপ্তার ৮৯০

বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় পোখারার কয়েকটি এলাকায়ও কারফিউ জারি করা হয়েছে। সেনাবাহিনী কাঠমুন্ডুর গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে অনেকে “দুর্নীতি বন্ধ করো, সামাজিক মাধ্যম নয়” এবং “ইয়ুথস অ্যাগেইনস্ট করাপশন” স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *