ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাকে গাজার যুদ্ধ থামাতে হবে। মঙ্গলবার নিউইয়র্ক থেকে ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ এই মন্তব্য করেন। তিনি জানান, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কেবল ট্রাম্পেরই রয়েছে।
ম্যাক্রোঁ বলেন, “একজন ব্যক্তিই এই সংঘাত থামাতে পারেন, তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা এমন কোনো অস্ত্র সরবরাহ করি না যা গাজার যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করে, কিন্তু যুক্তরাষ্ট্র তা করে।” তিনি আরও বলেন, “ট্রাম্প বলেছেন, তিনি শান্তি চান এবং সাতটি সংঘাতের সমাধান করেছেন। তিনি নোবেল শান্তি পুরস্কার চান। কিন্তু এই পুরস্কার পেতে হলে তাকে গাজার যুদ্ধ থামাতে হবে।”
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প পশ্চিমা মিত্রদের ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “গাজার যুদ্ধ এখনই থামাতে হবে। শান্তি আলোচনা শুরু করতে হবে।”
কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানসহ কয়েকটি দেশ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। ট্রাম্প নিজেও দাবি করেন যে তিনি এই সম্মানের যোগ্য। জাতিসংঘের ৮০তম অধিবেশনের প্রেক্ষাপটে ম্যাক্রোঁর এই মন্তব্য গাজা ইস্যুতে বিশ্ব নেতাদের মধ্যে আলোচনাকে আরও তীব্র করেছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































