ফিলিস্তিনের গাজা সিটির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জন সদস্যের দেহাবশেষ উদ্ধার করেছেন গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির আল রিমাল এলাকায় বসবাসকারী এই পরিবারের সদস্যরা ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছিলেন। দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার পর এখন তাদের দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলের চুক্তি লঙ্ঘন, আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান হামাসের
কর্মকর্তারা আরও জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাতের সময় এই পরিবারের মোট ৬০ জন সদস্য নিহত হয়েছেন। বাকি ৩০ জনের মরদেহ বা দেহাবশেষ এখনও উদ্ধার করা যায়নি।
এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দেহাবশেষ উদ্ধারের কাজ এখনও অব্যাহত রয়েছে। বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষের দেহাবশেষ চাপা পড়ে আছে, যা উদ্ধারে সময় লাগবে।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































