সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রাঁ-মোঁতানায় নববর্ষ উদযাপনের সময় একটি বারে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। স্থানীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে ‘লে কঁস্তেলাসিয়ঁ’ নামের বারে এই বিস্ফোরণ ঘটে।
ভ্যালিস ক্যান্টনের পুলিশ মুখপাত্র গায়তাঁ লাথিওঁ জানিয়েছেন, নববর্ষ উদযাপনের অজ্ঞাত কারণে বিস্ফোরণ ঘটেছে। বেশ কয়েকজন আহত এবং কয়েকজন নিহত হয়েছেন। ঘটনার সময় বারে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন, যাদের বেশিরভাগই নববর্ষ উপলক্ষে আগত পর্যটক বলে ধারণা করা হচ্ছে। সঠিক হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
সুইস দৈনিক লা নুভেলিস্তে প্রাথমিক তথ্যে প্রায় ৪০ জনের মৃত্যু ও ১০০ জনের মতো আহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে, যদিও এই সংখ্যা আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বারে আগুন জ্বলতে দেখা গেছে। দমকল বাহিনী, পুলিশ ও একাধিক হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকা সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে এবং নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। স্বজনদের জন্য হটলাইন চালু করেছে প্রশাসন।
আরও পড়ুন: নিউ জার্সিতে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ১ পাইলট নিহত
বিস্ফোরণের কারণ নিশ্চিত নয়। স্থানীয় গণমাধ্যমের কেউ কেউ আতশবাজি থেকে আগুন লাগার সম্ভাবনার কথা বললেও পুলিশ জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































