ইরানের আকাশসীমা প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবার খুলে দেওয়া হয়েছে। বুধবার বিকেল থেকে শুরু হওয়া এই বন্ধের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। বিমান সংস্থাগুলোকে ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন এবং বিলম্ব করতে হয়েছে।
বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বুধবার বিকেলে আকাশসীমা বন্ধ করে দেয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার বিকেল সোয়া ৫টায় (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) আনুষ্ঠানিক অনুমতি নিয়ে ইরানে আসা এবং আসা আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া সবার জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।
ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বুধবার রাত ১০টার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) কিছুক্ষণ আগে এই নোটিশ প্রত্যাহার করা হয়। এরপর ইরানি ক্যারিয়ার মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ এবং এভিএ এয়ারলাইন্স পাঁচটি ফ্লাইট পুনরায় চালু করে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কা এবং দেশব্যাপী বিক্ষোভের মুখে ইরান এই পদক্ষেপ নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি এখন ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































