মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও তার স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন। এবার তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি একটি অদ্ভুত ও বিধ্বংসী ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, আগুনের লেলিহান শিখা ও বিস্ফোরণের পটভূমিতে ট্রাম্প একটি বড় অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে ইংরেজিতে লেখা: ‘নো মোর মি. নাইস গাই!’ (অর্থাৎ, এখন আর ভদ্রতা নয়)।
এই পোস্টের মাধ্যমে ট্রাম্প স্পষ্টত ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতি গুছিয়ে নিতে পারছে না এবং একটি অ-পারমাণবিক (Non-nuclear) চুক্তি সই করার বিষয়ে তারা চরম অযোগ্যতার পরিচয় দিচ্ছে। ট্রাম্প তেহরানের উদ্দেশে বলেন, “তাদের দ্রুত স্মার্ট হতে হবে এবং নিজেদের কর্মকাণ্ড ঠিকঠাক করতে হবে।”
ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইতোমধ্যে তার টিমকে ইরানের ওপর দীর্ঘমেয়াদি ও কঠোর অবরোধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের মতে, এই অবরোধের ফলে ইরানের অর্থনীতি চরম চাপের মুখে পড়েছে। পরিস্থিতি এতটাই শোচনীয় যে, দেশটি তাদের অবিক্রীত অতিরিক্ত তেল সংরক্ষণ করার মতো সক্ষমতাও হারিয়ে ফেলছে।
আরও পড়ুন:
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আবেদন জানিয়েছে ইরান: ট্রাম্প
চলতি সপ্তাহে ইরান একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে মার্কিন অবরোধ শিথিল করার এবং বন্দরসমূহ খুলে দেওয়ার বিনিময়ে পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই প্রস্তাবকে ‘প্রত্যাশিত চেয়ে ভালো’ বলে মন্তব্য করলেও কিছু কঠোর শর্তারোপ করেছেন। রুবিও জোর দিয়ে বলেন, যে কোনো সম্ভাব্য চুক্তি অবশ্যই এমন হতে হবে যাতে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে এগোতে না পারে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই নতুন ‘যুদ্ধংদেহী’ অবতার মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “এআই ছবি পোস্ট করে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি”