চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬১ জন আহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় বিকেল ৪টায় হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, কারখানার ভেতরে থাকা বারুদের দুটি গুদামে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রেসিডেন্ট শি জিনপিং ঘটনার তদন্ত করে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আতশবাজির কোম্পানিটির দায়িত্বশীল ব্যক্তিকে আটক করা হয়েছে।
দুর্ঘটনাস্থলে প্রায় ৫০০ সদস্যের পাঁচটি উদ্ধারকারী দল এবং তিনটি উদ্ধার রোবট পাঠানো হয়। কর্তৃপক্ষ বিপদজ্জনক এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।
গত বছর চীন ১.১৪ বিলিয়ন ডলার মূল্যের আতশবাজি রপ্তানি করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রে ঝুঁকি যাচাই ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































