ইরান-যুক্তরাষ্ট্র-flag-newsedge24

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা আলোচনা আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুনরায় শুরু হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মধ্যস্থতাকারীদের সহায়তায় দুই পক্ষ বর্তমানে এক পাতার একটি সমঝোতা স্মারক তৈরি করছে। ১৪ দফার এই খসড়া দলিলে আগামী এক মাসব্যাপী আলোচনার রূপরেখা নির্ধারণ করা হয়েছে। মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধ ও উত্তেজনার অবসান ঘটানো।

খসড়া অনুসারে, আসন্ন বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য দেশে সরিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।

তবে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে, বিশেষ করে নিষেধাজ্ঞা শিথিলের পরিধি নিয়ে। এই মতবিরোধ আলোচনা ভেস্তে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রথম ধাপ সফল হলে আলোচনার সময়সীমা আরও বাড়ানো হতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামাবাদে এই বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

1 comment on “যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আগামী সপ্তাহে পুনরায় শুরু হতে পারে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *