ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেছেন, নতুন করে হামলার শিকার হলে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, এমন পরিস্থিতিতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৯০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় স্তরের কাছাকাছি। তিনি জানান, বিষয়টি ইরানের পার্লামেন্টে পর্যালোচনা করা হবে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
বিশ্লেষকরা রেজায়ির এ মন্তব্যকে ইরানের পারমাণবিক নীতি আরও কঠোর করার সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































