যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
রোববার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র, ইরান ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার পর সমঝোতা প্রায় সম্পন্ন হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি।
সম্ভাব্য সমঝোতা চুক্তিতে রয়েছে:
- সংঘাতের অবসান
- ধাপে ধাপে হরমুজ প্রণালি চালু
- ইরানি বন্দর ও তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল
- বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানি সম্পদ মুক্তি
- ৬০ দিনের যুদ্ধবিরতি (পরবর্তীতে বাড়ানো যেতে পারে)
- ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা
তবে ইরানের রাষ্ট্রীয় সংস্থা ফার্স নিউজ বলেছে, হরমুজ প্রণালি এখনো পুরোপুরি উন্মুক্ত করা হচ্ছে না এবং এটি ইরানের নিয়ন্ত্রণেই থাকবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এখনো কোনো চূড়ান্ত নথি তৈরি হয়নি।
আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ট্রাম্পের শান্তি উদ্যোগের প্রশংসা করে বলেছেন, পাকিস্তান এ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এদিকে ইসরায়েল পারমাণবিক কর্মসূচির স্পষ্ট সমাধান চায়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ কয়েকজন রিপাবলিকান নেতা এই সম্ভাব্য চুক্তির সমালোচনা করেছেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































