ইমরান খান-Imran Khan-newsedge24

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালতের এই আদেশের কথা জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দীর্ঘদিন ধরে ইমরান খানকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন তার পরিবার ও দল।

৭৩ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকা ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান। তিনি কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেছেন।

ইমরানের মুখপাত্র নাঈম হায়দার পাঞ্জুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আদালত ৪৮ ঘণ্টার মধ্যে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে হাসপাতালে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

কারাগারে থাকার সময় ইমরানের স্বাস্থ্যের অবনতি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে তার পরিবার। গত বছর তার দুই ছেলে বারবার বাবার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ জানান। ইমরানের আইনজীবীরা দাবি করেছিলেন, কারাগারে থাকার সময় তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়ে বলেন, “এটি অত্যন্ত স্বস্তিদায়ক আদেশ। আমরা এটি আরও আগেই চেয়েছিলাম। তাহলে তার চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের এতটা অবনতি হতো না।” তিনি আরও বলেন, সব চিকিৎসক সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ইমরানকে হাসপাতালে রাখা উচিত।

আরও পড়ুন: মক্কায় সৌদি-তুরস্ক-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার, বেআইনি বিয়ে এবং অন্যান্য অভিযোগে একাধিক মামলা করা হয়। এসব মামলায় তার কিছু সাজা স্থগিত কিংবা বাতিল হয়েছে, আবার কয়েকটি মামলার আপিল এখনও বিচারাধীন।

ইমরানের সমর্থকদের অভিযোগ, তাকে রাজনীতি থেকে দূরে রাখতেই এসব মামলা করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের কর্তৃপক্ষ অভিযোগগুলো আইন অনুযায়ী করা হয়েছে বলে দাবি করে আসছে।

2 comments on “ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *