ভারত-পাকিস্তান উত্তেজনা-newsedge24

যেকোনো পরিস্থিতিতে সৌদি আরবকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র বলেছেন, রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের এই অঙ্গীকার ‘শর্তহীন’।

বৃহস্পতিবার আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, কূটনৈতিক ও শারীরিক উভয়ভাবেই পাকিস্তান পুরোপুরি সৌদি আরবের পাশে রয়েছে। ইয়েমেনের হুতি মিলিশিয়া সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা চালানোর মধ্যে তিনি এ মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বৈশ্বিক তেল সরবরাহের ওপর নতুন করে হুমকি তৈরি হয়েছে বলে জানিয়েছে অনলাইন জিও নিউজ।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের আকাশে একটি ড্রোন বাধা দেওয়ার পর তার ধ্বংসাবশেষের আঘাতে সৌদি আরবে বসবাসকারী এক ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। গত সপ্তাহে সংঘাত তীব্র হওয়ার পর হুতিদের ধারাবাহিক হামলায় এটিই রিয়াদের ঘোষিত প্রথম প্রাণহানির ঘটনা। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এসব হামলায় ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

আইএসপিআর মহাপরিচালক আবারও বলেন, সৌদি আরবের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের মধ্যে মক্কা ও মদিনার সুরক্ষাও অন্তর্ভুক্ত। তিনি বলেন, হারামাইন শরিফাইন রক্ষায় আমরা সেখানে উপস্থিত আছি। এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। একই সঙ্গে তিনি জানান, যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সৌদি আরবকে রক্ষা করে যাবে। আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, সংঘাতের ‘আলোচনার মাধ্যমে ও শান্তিপূর্ণ সমাধান’ খুঁজে বের করতে ইসলামাবাদ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে।

উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ স্বাক্ষর করেছে। এটি মক্কা চুক্তি হিসেবেই পরিচিত। এর অধীনে এক দেশের বিরুদ্ধে কোনো দেশ আক্রমণ চালালে তা জোটের সব দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *