ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসরাইলকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ মন্তব্য করেন।
মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের আমেরিকান ফটোসাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর রুবিওর এই বক্তব্য আসে। শুক্রবার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় আহতদের মধ্যে লেভিনও ছিলেন।
রুবিও বলেন, “আমরা এসব দৃশ্য এবং যা দেখছি তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আমরা ইসরাইলিদের এসব দমনে ব্যবস্থা নিতে বলেছি এবং তাদের কাছে এই দাবি অব্যাহত রাখব।”
এদিকে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিক এবং ফরাসি এক মেয়রের ওপরও হামলার ঘটনা ঘটেছে।
বসতি স্থাপনকারী পর্যবেক্ষক গোষ্ঠী ‘ইয়েশ দিন’-এর তথ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর বার্ষিক জলপাই তোলার মৌসুম শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অন্তত ১৭০টি হামলায় জড়িত ছিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা।
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বাড়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের চাপ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের এই আহ্বান ইসরাইলকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য করবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































