গাজার খান ইউনিস শহরের প্রধান পূর্বাঞ্চলীয় সড়কে ত্রাণপ্রার্থীদের জমায়েতের উপর ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক শেল, মেশিনগান ও ড্রোন হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন। আল-জাজিরা জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) তিন সপ্তাহ আগে গাজায় খাদ্য বিতরণ কার্যক্রম শুরু করার পর থেকে এটি ত্রাণপ্রার্থীদের উপর সাম্প্রতিক সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি। নাসের হাসপাতালের চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হাজার হাজার ফিলিস্তিনি খান ইউনিসের প্রধান সড়কে ত্রাণবাহী ট্রাক থেকে খাদ্য সংগ্রহের আশায় জড়ো হয়েছিলেন। হঠাৎ ইসরায়েলি ট্যাঙ্ক থেকে কমপক্ষে দুটি শেল নিক্ষেপ করা হয়, যার পরে মেশিনগান ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। নাসের হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য জায়গার অভাবে অনেককে মেঝেতে শুইয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: চলমান সংঘাতে অর্থনৈতিক সংকটে ইসরাইল
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, খান ইউনিসে ত্রাণবাহী ট্রাক আটকে পড়ার কাছাকাছি এলাকায় তাদের সৈন্যদের কাছে ভিড় জমায়েত হয়েছিল। তারা দাবি করেছে, ভিড়ের কাছে যাওয়ার পর কিছু ব্যক্তি আইডিএফের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়, এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক থেকে গুলি ও শেল নিক্ষেপের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, আহতদের মধ্যে ২০০-এর বেশি মানুষ রয়েছেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ত্রাণপ্রার্থীদের উপর গুলি চালানো অগ্রহণযোগ্য। তিনি ঘটনার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থাগুলো জিএইচএফ-এর সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে, কারণ এই ব্যবস্থা ইসরায়েলি সামরিক উদ্দেশ্যকে প্রাধান্য দেয় এবং দীর্ঘদিনের অভিজ্ঞ মানবিক সংস্থাগুলোকে বাইপাস করে। ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর জিএইচএফ-এর কার্যক্রমকে “মৃত্যুফাঁদ” হিসেবে আখ্যায়িত করে বলেছে, এই সংস্থার কার্যক্রম ফিলিস্তিনিদের নির্দিষ্ট স্থানে আকৃষ্ট করে এবং সেখানে তাদের উপর হামলা চালানো হয়। তারা এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় ৫৫,৬৩৭ জন নিহত এবং ১,২৯,৮৮০ জন আহত হয়েছেন। জিএইচএফ-এর ত্রাণ বিতরণ শুরুর পর থেকে ৩৯৭ জন ত্রাণপ্রার্থী নিহত এবং ৩,০০০-এর বেশি আহত হয়েছেন।
তথ্যসুত্র- আল-জাজিরা
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































