দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের স্ত্রী কিম কিওন হিকে শেয়ারবাজার কারসাজি, ঘুষ গ্রহণ এবং নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সিউলের একটি আদালতে চার ঘণ্টার শুনানিতে ৫২ বছর বয়সী কিম সব অভিযোগ অস্বীকার করলেও, প্রমাণ নষ্টের আশঙ্কায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় সাবেক প্রেসিডেন্টদের অভিযুক্ত ও কারাবন্দী হওয়ার ইতিহাস থাকলেও, এবারই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট এবং তার স্ত্রী একই সময়ে কারাগারে রয়েছেন। ইউন সুক ইয়ল নিজেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কারাবন্দী।
আরও পড়ুন: আটকের ২ ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
প্রসিকিউটরদের দাবি, কিম কিওন হি দক্ষিণ কোরিয়ার একটি বিএমডব্লিউ ডিলার কোম্পানি ডয়চ মোটরসের শেয়ারের মূল্য-কারচুপির একটি প্রকল্পে জড়িত ছিলেন, যার মাধ্যমে তিনি ৮০০ মিলিয়ন ওন (প্রায় ৬০ লাখ মার্কিন ডলার) আয় করেছেন। এই ঘটনা তার স্বামী ইউন সুক ইয়ল প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ঘটলেও, তার পুরো প্রেসিডেন্ট মেয়াদ জুড়ে এর প্রভাব ছিল।
তাছাড়া, কিমের বিরুদ্ধে বিলাসবহুল উপহার গ্রহণ ও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগও রয়েছে, যার মধ্যে রয়েছে একটি হীরার নেকলেসসহ বিভিন্ন বিলাসবহুল পণ্য।এর আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কিম কিওন হির একটি ফোনকল ফাঁস হয়, যেখানে তিনি রাজনৈতিক হস্তক্ষেপের জন্য একজন ব্রোকারের সঙ্গে কথা বলছিলেন। এই ঘটনাও তার বিরুদ্ধে অভিযোগের তীব্রতা বাড়ায়।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































