গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ-newsedge24

ইসরায়েল জুড়ে বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য চুক্তির দাবিতে রাস্তায় নেমেছেন। রবিবার (১৭ আগস্ট ২০২৫) দেশটির বিভিন্ন শহরে সাধারণ মানুষ এই বিক্ষোভে অংশ নেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের এক সপ্তাহেরও বেশি সময় পর এই বিক্ষোভ শুরু হয়। ২২ মাস ধরে চলমান যুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল, যার মধ্যে ৪৯ জন এখনও গাজায় বন্দী রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এদের মধ্যে ২৭ জন মারা গেছেন।

আরও পড়ুন: গাজা দখল নয়, হামাস থেকে মুক্ত করাই লক্ষ্য: নেতানিয়াহু

তেল আবিবের ‘হোস্টেজ স্কোয়ার’-এ অবশিষ্ট জিম্মিদের প্রতিকৃতি দিয়ে ঢাকা একটি বিশাল ইসরায়েলি পতাকা উত্তোলন করা হয়, যা যুদ্ধের শুরু থেকেই বিক্ষোভের কেন্দ্রবিন্দু। স্থানীয় মিডিয়া ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা তেল আবিব-জেরুজালেম মহাসড়কসহ বিভিন্ন রাস্তা অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে যানজট সৃষ্টি করেছে।

বিক্ষোভ সংগঠক এবং জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী প্রধান দল ‘হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ রবিবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটে স্থানীয় পৌরসভা, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ইউনিয়ন সমর্থন জানিয়েছে, যদিও দেশের প্রধান শ্রমিক সংগঠন হিস্টাড্রুট এতে যোগ দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *