ভারতের সেনাবাহিনী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় একটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এটি বাংলাদেশ সীমান্তের খুব কাছে অবস্থিত এবং অতিদ্রুত সময়ের মধ্যে স্থাপন করা হয়েছে। এছাড়া, আসামের ধুবরিতে ‘লাছিত বরফুকান মিলিটারি স্টেশন’ নামে আরেকটি নতুন সামরিক স্টেশন গড়ে তোলা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশ সীমান্তের খুব কাছে উত্তর দিনাজপুরের চোপড়া সামরিক ঘাঁটি বৃহস্পতিবার পরিদর্শন করেন ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর. সি তিওয়ারি। এক্সে ইস্টার্ন কমান্ড পোস্টে লিখেছে, ‘হ্যাশট্যাগ চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন করা হ্যাশট্যাগ ব্রহ্মাস্ত্র কর্পস-এর সেনাদের পরিদর্শন করেছেন আর্মি কমান্ড ইস্টার্ন লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি।’
লেফটেন্যান্ট জেনারেল আর. সি তিওয়ারি এ সময় সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে সামরিক ঘাঁটি স্থাপন এবং কার্যক্রম চালানোয় তাদের পেশাদারিত্ব এবং ক্লান্তিহীন প্রচেষ্টার প্রশংসা করেন। উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে তাদেরকে হ্যাশট্যাগ অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান।
আরও পড়ুন: আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে ভারতের বক্তব্য
লেফটেন্যান্ট জেনারেল আর. সি তিওয়ারি ধুবরির বামুনিগাঁওয়ে লাছিত বরফুকান মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, কিংবদন্তি আহম কমান্ডার লাছিত বরফুকানের নামে নতুন এই সামরিক স্টেশন সাহস, নেতৃত্ব এবং স্থিতিস্থাপকতাকে জোরালোভাবে ফুটিয়ে তুলবে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































