মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। সোমবার (১৭ নভেম্বর) জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি।
বিবৃতিতে তিনি বলেন, বুধবার ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দিয়েছে। এটি গত বছরের বিক্ষোভ দমনের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি।
রাভিনা শামদাসানি জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওএইচসিএইচআরের অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের পর থেকেই সংস্থাটি বারবার দাবি জানিয়ে আসছে যে দায়িত্বশীল সব ব্যক্তিকে নির্দেশনার স্তরসহ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণের নিশ্চয়তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, যদিও ওএইচসিএইচআর সরাসরি আদালতের বিচারকার্য পর্যবেক্ষণ করেনি, তবুও আন্তর্জাতিক অপরাধের অভিযোগে পরিচালিত যেকোনো জবাবদিহি প্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায়বিচার ও আন্তর্জাতিক মান অনুসরণের প্রয়োজনীয়তা অপরিহার্য। বিশেষ করে এই মামলাটি দোষীর অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি আন্তর্জাতিক মানদণ্ড আরও কঠোরভাবে প্রযোজ্য করে তোলে।
মৃত্যুদণ্ডাদেশের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে শামদাসানি বলেন, “আমরা সব অবস্থাতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি।”
আরও পড়ুন: শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনর ৫ বছর কারাদণ্ড
রায়ের পর সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সত্য, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের সমন্বিত একটি প্রক্রিয়ার দিকে অগ্রসর হবে। এর মধ্যে আন্তর্জাতিক মানদণ্ডসম্মত, পরিবর্তনশীল ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার থাকা জরুরি, যাতে ভবিষ্যতে এমন লঙ্ঘন পুনরাবৃত্তি না ঘটে।
শামদাসানি আরও জানান, বাংলাদেশ সরকার ও জনগণকে এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় সবসময় প্রস্তুত রয়েছে।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































