যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বুধবারের এসব হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরাকে দেওয়া তথ্যে মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বোমাবর্ষণে আরও ৭৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, ইসরায়েলি বাহিনী তিনটি নির্দিষ্ট স্থানে একযোগে আক্রমণ চালায়। হামলার কেন্দ্র ছিল দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকা (খান ইউনুসের কাছে), পাশাপাশি গাজা সিটির শুজাইয়া ও জাইতুন মহল্লাও লক্ষ্যবস্তু হয়।
শুজাইয়ায় একটি মোড়ে হামলার সময় সেখানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল। আর জাইতুন মহল্লার একটি আবাসিক ভবনে বর্বর হামলায় অন্তত ১০ জন নিহত হন—যাদের মধ্যে একটি পুরো পরিবারও রয়েছে। মাহমুদ জানান, “একজন বাবা, মা এবং তাদের তিন সন্তানকে ভবনের ভেতরেই হত্যা করা হয়েছে।”
আরও পড়ুন: যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় ৯৭ নিহত
তিনি আরও বলেন, হামলার তীব্রতা ও বিস্তৃতি গাজাজুড়ে নতুন করে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।
“গাজার মানুষ প্রতিদিনই ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ এখনো চলছে এবং চলমান সহিংসতার কারণে ফিলিস্তিনিরা এখনো মারা যাচ্ছে,”—যোগ করেন তিনি।
উল্লেখ্য, ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি অভিযানে হামলা থেমে না যাওয়ায় ভঙ্গুর হয়ে পড়েছে যুদ্ধবিরতির কার্যকারিতা।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































