এবার মিয়ানমার উপকূলীয় এলাকায় রোববার সকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। ভূমিকম্পের প্রভাব প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয়েছে।
ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার উপকূলের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এই ভূমিকম্পের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এটি অঞ্চলটির পঞ্চম উল্লেখযোগ্য কম্পন। গত শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং তিনশতাধিক আহত হন। পরদিন শনিবার বাংলাদেশে আরও তিনবার মৃদু কম্পন অনুভূত হয়, যেগুলোকে শুক্রবারের ভূমিকম্পের আফটারশক বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ঢাকাসহ সারদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভুত, কেন্দ্র নরসিংদী
বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় প্লেট ও বার্মা প্লেটের সংঘর্ষের কারণে আন্দামান-সুমাত্রা অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ। সাম্প্রতিক এই কম্পনগুলো একই টেকটোনিক কার্যকলাপের অংশ হতে পারে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































