যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ডে’র ছুটিতে বিদেশে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সরাসরি ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলায় মাদক পাচার পুরোপুরি বন্ধ করতে “খুব শিগগিরই” একটি স্থল অভিযান শুরু হবে।
ট্রাম্প বলেন, “সাগরপথে আমরা ইতোমধ্যে মাদক পাচার প্রায় ৮৫ শতাংশ কমিয়ে এনেছি। এখন স্থলপথে পাচার বন্ধ করার পালা। স্থলপথে সুবিধা অনেক বেশি। অভিযান খুব শিগগিরই শুরু হবে।”
তিনি আরও জানান, গত কয়েক সপ্তাহ ধরে ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন নৌবাহিনী মাদক পাচারে ব্যবহৃত নৌকায় হামলা চালিয়ে যাচ্ছে। এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, এসব অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছেন। একই সময়ে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মার্কিন বি-৫২ ও বি-১বি কৌশলগত বোমারু বিমান উড়ে অঞ্চলটিতে শক্তি প্রদর্শন করেছে।
ভেনেজুয়েলার মাদুরো সরকার অবশ্য এই পদক্ষেপকে মাদকবিরোধী অভিযান হিসেবে মানতে নারাজ। কারাকাসের দাবি, এটি সরাসরি শাসক পরিবর্তনের ষড়যন্ত্র এবং যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর আগ্রাসন চালাতে উদ্যত।
আরও পড়ুন: তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থগিতের পরিকল্পনা ট্রাম্পের
বিশ্লেষকদের মতে, সাগর ও স্থল—দুই পথেই সমন্বিত অভিযানের এই ঘোষণা মার্কিন সামরিক কৌশলের নতুন মোড়। ভেনেজুয়েলায় মাদক পাচারের অভিযোগ দীর্ঘদিনের হলেও স্থল অভিযানের কথা প্রকাশ্যে বলা এটাই প্রথম। ফলে আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































