তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। স্বল্প সময়ের ব্যবধানে দ্বীপটিতে আঘাত হানা এটি দ্বিতীয় বড় মাত্রার ভূমিকম্প।
তাইওয়ানের আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৭.০ হিসেবে নির্ধারণ করেছে। তারা জানায়, শনিবার দিবাগত রাত ১১টা ০৫ মিনিটে ইয়িলান কাউন্টির উপকূলীয় সমুদ্র অঞ্চলে, ভূপৃষ্ঠ থেকে ৭৩ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তিস্থল শনাক্ত করা হয়েছে। এটি রাজধানী তাইপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
ইয়িলান কাউন্টি ফায়ার ব্যুরো জানায়, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শক্তিশালী ভূমিকম্পের সময় রাজধানী তাইপের ভবনগুলো দুলে ওঠে এবং পুরো তাইওয়ানজুড়ে কম্পন অনুভূত হয়।
প্রায়ই তাইওয়ান ভূমিকম্পের কবলে পড়ে। কারণ দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগসীমার কাছে প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর প্রান্তভাগে অবস্থিত।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































