যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যেসব দেশ তার সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে টালবাহানা করবে বা পিছিয়ে যাবে, তাদের চড়া শুল্কের মুখে পড়তে হবে। সম্প্রতি সুপ্রিম কোর্ট তার আরোপিত শুল্ককে অবৈধ ঘোষণা করার পরও তিনি পাল্টা আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, যেসব দেশ সুপ্রিম কোর্টের “হাস্যকর” সিদ্ধান্তের সুযোগ নিয়ে চুক্তি নিয়ে টালবাহানা করতে চায়—বিশেষ করে যারা বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে—তাদের ওপর আগের তুলনায় কয়েক গুণ বেশি শুল্ক আরোপ বা তার চেয়েও বাজে কিছুর মাধ্যমে জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (আইইইপিএ) অধীনে তার শুল্ক বাতিলের সিদ্ধান্ত সত্ত্বেও আদালত অন্যান্য আইনি কর্তৃত্বের অধীনে শুল্ক ব্যবহারের ক্ষমতা নিশ্চিত করেছে। এই ক্ষমতা প্রাথমিক শুল্কের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং আইনিভাবে ব্যবহার করা যাবে।
ট্রাম্প গত শুক্রবার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ ধারার অধীনে প্রাথমিকভাবে ১০ শতাংশ অস্থায়ী শুল্ক ঘোষণা করেছিলেন। শনিবার সুপ্রিম কোর্টের রায়ের পর তিনি প্রথমে ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তা বাড়িয়ে ১৫ শতাংশ করেন। এই নতুন শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা।
একই সময়ে সুপ্রিম কোর্টের রায়ের তিন দিন পর মার্কিন কাস্টমস সংস্থা আইইইপিএ-র অধীনে আরোপিত অবৈধ শুল্ক আদায় বন্ধ করবে।
ট্রাম্পের ১৫ শতাংশ শুল্ক ঘোষণার পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির ওপর ভোট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয়ান পার্লামেন্ট। চুক্তি অনুযায়ী ইইউ পণ্যগুলো ১৫ শতাংশ মার্কিন শুল্কের মুখে পড়বে। তবে খাদ্যদ্রব্য, বিমানের যন্ত্রাংশ, গুরুত্বপূর্ণ খনিজ, ওষুধের উপাদান এবং অন্যান্য পণ্যে ছাড় থাকবে। অন্যদিকে ইইউ শিল্পজাত পণ্যসহ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত অনেক পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করবে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়ের পরও ট্রাম্পের পাল্টা হুঁশিয়ারি
ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। শেয়ার বাজার নিম্নমুখী হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই শুল্ক বৃদ্ধি বৈশ্বিক বাণিজ্য যুদ্ধকে আরও তীব্র করতে পারে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































