ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা বলেছেন, তার দেশ কোনো ‘নতুন স্নায়ুযুদ্ধ’ চায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটন সফরের আগে ভারত সফর শেষে রবিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
লুলা বলেন, “আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই যে, আমরা কোনো নতুন স্নায়ুযুদ্ধ চাই না। আমরা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা চাই সব দেশকে সমানভাবে মূল্যায়ন করা হোক।”
মার্চের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে লুলার বৈঠক হওয়ার কথা রয়েছে। লুলা জানান, বৈঠকের এজেন্ডায় বাণিজ্য, অভিবাসন, বিনিয়োগ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারত্বের বিষয়গুলো স্থান পাবে। তবে গাজা যুদ্ধ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’সহ কিছু বিষয়ে দু’জনের মধ্যে মতপার্থক্য রয়েছে।
আরও পড়ুন: বাণিজ্য চুক্তিতে নিয়ে টালবাহানা করলে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
লুলা দ্য সিলভা আরও বলেন, ব্রাজিল স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করবে এবং কোনো একক শক্তির প্রভাবের অধীনে থাকবে না। তিনি দক্ষিণ আমেরিকা ও ব্রিকসভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর জোর দেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































