অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেনের সঙ্গে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, চলতি মাসের ১১ এপ্রিল স্থানীয় সময় বিকেল ৪টা থেকে ১২ এপ্রিল পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ সময় রাশিয়ার জেনারেল স্টাফকে সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তার জবাব দেওয়ার জন্য রাশিয়া প্রস্তুত থাকবে বলেও জানানো হয়েছে। খবর এএফপির।
এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ধর্মীয় উৎসব অর্থোডক্স ইস্টার পালনে ইউক্রেনও এই যুদ্ধবিরতি মেনে চলবে। তিনি জানান, ইউক্রেন আগেই অনুরূপ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, অর্থোডক্স ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। মানবিক কারণে রাশিয়া এই ঘোষণা দিয়েছে এবং ইউক্রেন তাতে সম্মত হয়েছে। তবে এটি দীর্ঘস্থায়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন: যুদ্ধ শুরুর পর প্রথমবার ইরান-সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের টেলিফোনালাপ
প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লক্ষাধিক মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে সংঘাত বন্ধে একাধিক প্রচেষ্টা নেওয়া হলেও এখনও কোনো অগ্রগতি হয়নি।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































