মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দখলে সরাসরি সম্মুখযুদ্ধে অবতীর্ণ হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘাত হয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি)। আইআরজিসির কঠিন প্রতিরোধের মুখে পিছু হঠতে বাধ্য হয় মার্কিন বাহিনী। তবে সেন্টকম জানিয়েছে, তাদের কোনো যুদ্ধজাহাজ আঘাতপ্রাপ্ত হয়নি।
এরপরই বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে আইআরজিসি। এক বিবৃতিতে তারা জানায়, আঞ্চলিক নিরাপত্তাহীনতার কারণে প্রণালিতে সকল বাণিজ্যিক জাহাজ ও জ্বালানিবাহী ট্যাংকার চলাচল বন্ধ থাকবে। এই নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
আইআরজিসি আরও জানায়, কোনো জাহাজ যদি পার হওয়ার চেষ্টা করে তবে তাদের টার্গেট করা হবে। যদিও মার্কিন সামরিক প্রতিরক্ষা দপ্তর সেন্টকম এই দাবি নাকচ করে দিয়ে বলেছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। আইআরজিসি মার্কিন দাবিকে প্রত্যাখ্যান করেছে।
আরও পড়ুন: নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, হরমুজ পার হতে চাওয়া ২টি জাহাজকে আটকে দেওয়া হয়েছে। জেপি মর্গানের মতে, সংঘাত শুরু হওয়ার পর থেকে পূর্বের তুলনায় মাত্র ১৫ শতাংশ জাহাজ প্রণালিতে চলাচল করতে সক্ষম হয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































