আফগানিস্তানে সন্ত্রাসীদের আস্তানায় ‘সুনির্দিষ্ট পরিকল্পনা ও হিসাব করে’ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ফিতনা আল-খাওয়ারিজ ও ফিতনা আল-হিন্দুস্তানের ২২ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, অপারেশন গজব লিল-হকের অংশ হিসেবে এবং সন্ত্রাসী, তাদের নেটওয়ার্ক ও সমর্থকদের নির্মূলের লক্ষ্যে এসব হামলা চালানো হয়েছে। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি স্থানে থাকা সন্ত্রাসী শিবির ও গোপন আস্তানাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। লক্ষ্যবস্তুগুলো অত্যন্ত নিখুঁতভাবে ধ্বংস করা হয়েছে এবং সেখানে মজুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করেছে। তবে নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। আফগানিস্তান এখনও সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং পাকিস্তানের জন্য সন্ত্রাসী হুমকির উৎস বলে উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রণালয়। বেসামরিক নাগরিকসহ অন্যদের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেও জানানো হয়।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আজম-ই-ইস্তেহকাম পরিকল্পনার আওতায় অপারেশন গজব লিল-হক পূর্ণগতিতে অব্যাহত রাখবে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের অভিশাপ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
মিয়ানমারের রাখাইনে বিমান হামলায় নিহত অন্তত ৩৩
২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে সীমান্তপারের সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। ইসলামাবাদ বারবার কাবুলকে আহ্বান জানিয়েছে, যাতে আফগান ভূখণ্ড সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করতে না পারে। পাকিস্তানের দাবি, আফগান কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যা কাবুল অস্বীকার করে আসছে।
২০২৫ সালের অক্টোবরে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর কয়েক মাস পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান অপারেশন গজব লিল-হক শুরু করে। একাধিক দফায় আলোচনা হলেও মতপার্থক্য দূর হয়নি। আফগান ভূখণ্ড থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম পরিচালনার বিষয়টি দুই দেশের মধ্যে বিরোধের অন্যতম প্রধান কারণ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































