হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে বুধবার (২৬ নভেম্বর) বিকেলে শুরু হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪-এ পৌঁছেছে। অন্তত ৪৫ জন গুরুতর আহত এবং ২৭৯ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার ভোরেও কমপ্লেক্স থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
হংকং ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় বিকেল ২টা ৫১ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। বাঁশের স্ক্যাফোল্ডিং-এর কারণে আগুন দ্রুত ছড়িয়ে ৮টি বহুতল ভবনের ৭টিতে পৌঁছে যায়। ২৪ ঘণ্টারও বেশি সময় পর রাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়।
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বুধবার রাতে জানান, এটি শহরে তিন দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংও নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে উদ্ধারকাজে সর্বোচ্চ প্রচেষ্টার নির্দেশ দেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে শত শত বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষয়ক্ষতি দেখছেন। অনেকে রাতে বন্ধু-স্বজনের বাড়িতে কাটিয়ে ভোরে ফিরে এসেছেন। শত শত লোককে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে এবং পুনর্বাসনের ব্যবস্থা চলছে। আশপাশের ১৩টি স্কুল বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: থাইল্যান্ডে ৩০০ বছরের রেকর্ড বৃষ্টিপাতে বন্যায় ৩৩ জনের মৃত্যু
আগুনের সূত্রপাতের কারণ এখনও নির্ধারণ করা যায়নি। পুলিশ একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক ও একজন প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে। কর্তৃপক্ষ বলছেন, অসুরক্ষিত উপকরণ ব্যবহারের কারণে ভয়াবহ আগুন ছড়িয়েছে। হংকং ফায়ার সার্ভিস ৫ নম্বর সতর্কতা জারি করে, যা ১৭ বছর পর প্রথম। হংকংয়ে ১৯৯৬ সালের গার্লি বিল্ডিং অগ্নিকাণ্ডের পর সবচেয়ে মারাত্মক।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































