রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত আছেন। রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
পেসকভ বলেন, ‘পুতিন মাখোঁর সঙ্গে সংলাপে বসার প্রস্তুতির কথা প্রকাশ করেছেন। সুতরাং যদি পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছা থাকে, তবে এটিকে কেবল ইতিবাচকভাবেই মূল্যায়ন করা সম্ভব।’
চলতি সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ বলেছিলেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইউরোপের উচিত আবারও পুতিনের সঙ্গে যোগাযোগ শুরু করা। তিনি বলেন, ‘ইউরোপীয় ও ইউক্রেনীয়দের স্বার্থেই আগামী সপ্তাহগুলোতে এই আলোচনা পুনরায় শুরু করার জন্য সঠিক কাঠামো খুঁজে বের করা জরুরি।’
আরও পড়ুন: ন্যাটো সদস্যপদের দাবি তুলে নিচ্ছে ইউক্রেন
এদিকে, ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে গড়ানোর প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের নেতারা শুক্রবার ইউক্রেনকে সম্ভাব্য বাজেট ঘাটতি মোকাবিলায় ৯০ বিলিয়ন ইউরো (প্রায় ১০৫ বিলিয়ন ডলার) ঋণ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। তবে জব্দকৃত রুশ সম্পদ ব্যবহার করে এই অর্থ জোগাড়ের বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছাতে পারেননি।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































