ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব বা ‘অবিচুয়ারি রেফারেন্স’ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা—উভয় কক্ষেই আজ বুধবার এই শোকপ্রস্তাব উত্থাপিত হবে। খবর এএনআই-এর।
বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে শোকের ছায়া নেমে এসেছিল, তারই প্রতিফলন হিসেবে ভারতের পার্লামেন্ট এই সম্মান প্রদর্শনের উদ্যোগ নিয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ অধিবেশনে ভাষণের মধ্য দিয়ে। রাষ্ট্রপতির ভাষণের পর রাজ্যসভা ও লোকসভার নিজ নিজ কার্যতালিকা অনুযায়ী প্রয়াত ভারতীয় সাংসদদের পাশাপাশি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে। রাজ্যসভায় এদিন সাবেক এমপি এল গণেশন, সুরেশ কলমাদিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের স্মরণেও শোকপ্রস্তাব গ্রহণের সূচি রয়েছে।
এই অধিবেশন আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব, ২৯ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ এবং বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
কূটনৈতিক তাৎপর্য
প্রতিবেশী দেশের একজন সাবেক সরকারপ্রধানের স্মরণে ভারতের পার্লামেন্টের দুই কক্ষে একযোগে শোকপ্রস্তাব গ্রহণকে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক শিষ্টাচার হিসেবে দেখা হচ্ছে। এটি দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও রাজনৈতিক সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শনেরও প্রতীক।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিন মেয়াদের প্রধানমন্ত্রী ছিলেন এবং বিএনপির চেয়ারপারসন হিসেবে দীর্ঘদিন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































