অনিবন্ধিত অভিবাসীদের জন্য সুখবর দিয়েছে স্পেন সরকার। দেশটিতে বসবাসরত প্রায় ৫ লাখ অনিবন্ধিত অভিবাসীকে বৈধ মর্যাদা দেওয়ার জন্য সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) কর্মসূচি অনুমোদন করেছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের প্রশাসন।
মঙ্গলবার এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। আগামী ১৬ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। সরকার একটি ডিক্রির মাধ্যমে আইন সংশোধন করে দ্রুত এই কর্মসূচি বাস্তবায়নের পথ প্রশস্ত করেছে।
পরিকল্পনা অনুসারে, নির্দিষ্ট শর্ত পূরণকারী অভিবাসীরা এক বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবেন। এক বছর পর তারা অন্যান্য অনুমতির জন্য আবেদন করতে পারবেন।
শর্তসমূহ:
- ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে
- অন্তত পাঁচ মাস সেখানে বসবাসের প্রমাণ দিতে হবে
- কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না
আবেদন করা যাবে অনলাইনে ১৭ এপ্রিল থেকে এবং সরাসরি ২০ এপ্রিল থেকে। আবেদনের শেষ সময় ৩০ জুন।
সানচেজ এই পদক্ষেপকে ন্যায়বিচার ও প্রয়োজনীয়তা বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, নতুন কর্মী ও অবদানকারী না এলে দেশের সমৃদ্ধি ধীর হয়ে যাবে। বিরোধী দল পিপলস পার্টির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো এ সিদ্ধান্তকে অমানবিক, অন্যায্য ও টেকসই নয় বলে সমালোচনা করেছেন।
সরকারের হিসাব অনুসারে প্রায় ৫ লাখ মানুষ এ কর্মসূচির আওতায় আসতে পারেন। তবে বিশ্লেষকরা বলছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































