মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে — এমন কোনো মন্তব্য তিনি করেননি। বরং ইরান পরাজিত হলেও তাদের বিরুদ্ধে সামরিক লক্ষ্যমাত্রা অর্জনের কাজ এখনো বাকি রয়েছে বলে উল্লেখ করেন। গতকাল রোববার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, “আমি এমনটা বলিনি। আমি বলেছি তারা ব্যর্থ হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে কাজ শেষ হয়ে গেছে। আমরা আরও দুই সপ্তাহ হামলা চালিয়ে যেতে পারি এবং যেকোনো লক্ষ্য অর্জন করতে পারি।”
তিনি আরও জানান, তাদের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রার মধ্যে সম্ভবত ৭০ শতাংশ অর্জন করা হয়েছে, তবে আরও কিছু লক্ষ্য বাকি রয়েছে।
পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না, কারণ তারা উন্মাদ।” তিনি ওবামা প্রশাসনের সমালোচনা করে বলেন, যদি তিনি পারমাণবিক চুক্তি বাতিল না করতেন, তাহলে ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত।
সম্প্রতি ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব গ্রহণ না করলে তিনি পুনরায় বোমা হামলা শুরু করবেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































