ইতালির উত্তরাঞ্চলের ব্রেসিয়া শহরের একটি মহাসড়কে একটি আল্ট্রালাইট বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শনিবার (২৬ জুলাই, ২০২৫) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহতরা হলেন মিলানের ৭৫ বছর বয়সী আইনজীবী ও পাইলট সার্জিও রাভালিয়া এবং তার ৬০ বছর বয়সী সঙ্গী আন্ন মারিয়া ডে স্তেফানো। তারা বিমানের চালক এবং একমাত্র যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বিমানটি মহাসড়কে আছড়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়, যার ফলে উভয়ের মৃত্যু ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে, ফ্রেচা আরজি নামের কার্বন ফাইবারে তৈরি আল্ট্রালাইট বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের দিকে খাড়াভাবে ধেয়ে এসে আছড়ে পড়ছে। ভিডিওতে আরও দেখা যায়, বিমানটি মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে বিশাল অগ্নিকাণ্ড ও কালো ধোঁয়ার সৃষ্টি হয়।
আরও পড়ুন: রাশিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৫০ যাত্রীর সবাই নিহত
স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, পাইলট রাভালিয়া মহাসড়কে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি বিমানের নিয়ন্ত্রণ হারান, ফলে বিমানটি ঘুরে গিয়ে সড়কে বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটি পিয়াসেঞ্জার গাগনানো ত্রেবিয়েন্স রানওয়ে থেকে উড্ডয়ন করেছিল।
দুর্ঘটনায় মহাসড়কে চলমান দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই চালক আহত হন। তবে ভাগ্যক্রমে সড়কে কোনো গাড়ি চালক বা পথচারীর মৃত্যু হয়নি। জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং এলাকাটি সুরক্ষিত করে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































