ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরে চেক-ইন ও বোর্ডিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের উপর সাইবার হামলার কারণে লন্ডনের হিথ্রোসহ ব্রাসেলস এবং বার্লিন বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম ব্যাহত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) এর ফলে বহু ফ্লাইট বিলম্বিত এবং বাতিল হয়েছে।
হিথ্রো বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে, কলিন্স অ্যারোস্পেসের সফটওয়্যারে প্রযুক্তিগত সমস্যার কারণে যাত্রা বিলম্ব হচ্ছে। ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরও এই সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রাসেলস বিমানবন্দর জানায়, হামলার কারণে স্বয়ংক্রিয় চেক-ইন ও বোর্ডিং সিস্টেম অকার্যকর হয়ে পড়ায় এখন শুধু ম্যানুয়াল পদ্ধতিতে কাজ চলছে। এই সমস্যা শুক্রবার রাতে শুরু হয়, যা ফ্লাইটের সময়সূচিতে বড় প্রভাব ফেলেছে।
কলিন্স অ্যারোস্পেসের মূল সংস্থা আরটিএক্স জানিয়েছে, তারা এই সাইবার হামলার বিষয়ে সচেতন এবং দ্রুত সমাধানের জন্য কাজ করছে। বার্লিন বিমানবন্দর তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই সমস্যার কারণে চেক-ইন প্রক্রিয়ায় অতিরিক্ত সময় লাগছে।
আরও পড়ুন: পাকিস্তান-সৌদি আরব পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
যাত্রীদের ফ্লাইটের স্ট্যাটাস যাচাই করে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































