তাইওয়ানকে ঘিরে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে চীন। দ্বীপটির গুরুত্বপূর্ণ এলাকা দখল ও অবরোধের অনুশীলনসহ এই মহড়াকে ‘বিচ্ছিন্নতাবাদী শক্তির’ বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে বেইজিং। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জাস্টিস মিশন ২০২৫’। এতে চীনের সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে রকেট ফোর্সও অংশ নিয়েছে। সরাসরি গোলাবর্ষণসহ বিভিন্ন রণকৌশল অনুশীলন করা হচ্ছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ বিক্রির ঘোষণার পরপরই এই মহড়া শুরু করে চীন। ওয়াশিংটনের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে কয়েকটি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে বেইজিং।
চীন তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। তাইওয়ানের চলতি বছরে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের উদ্যোগও বেইজিংয়ের ক্ষোভ বাড়িয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয় চীনের এই মহড়ার সমালোচনা করে একে আন্তর্জাতিক নিয়ম-নীতি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে মন্তব্য করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে দ্বীপের আশপাশে চীনা যুদ্ধবিমান ও জাহাজ শনাক্ত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে নিজস্ব বাহিনী ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তাইওয়ানের বাহিনী।
চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড ওয়েইবোতে মহড়াকে ‘ন্যায়ের ঢাল’ হিসেবে বর্ণনা করে পোস্ট করেছে, “যারা স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা এই ঢালের মুখে ধ্বংস হয়ে যাবে।” পররাষ্ট্র মন্ত্রণালয়ও মহড়াকে বিচ্ছিন্নতাবাদীদের জন্য কঠোর শাস্তি বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রসহ বহিরাগত শক্তিকে তাইওয়ান ইস্যুতে হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন, “তাইওয়ান শান্তি বজায় রাখতে চায় এবং বর্তমান অবস্থান অক্ষুণ্ণ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে শান্তি টিকিয়ে রাখতে শক্তিশালী প্রতিরক্ষা অপরিহার্য।”
আরও পড়ুন: তাইওয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৬
উল্লেখ্য, ২০২২ সালের পর থেকে তাইওয়ান প্রণালীতে নিয়মিত সামরিক মহড়া বাড়িয়েছে চীন। চলমান মহড়াটি ইস্টার্ন থিয়েটার কমান্ডের নতুন প্রধান ইয়াং ঝিবিনের দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় মহড়া। একই সঙ্গে তাইওয়ানও নিজস্ব সামরিক মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করে চলেছে, যা অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































