ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করে নিউইয়র্কে নেওয়া হয়েছে। এই ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এটিকে একটি ‘বিপজ্জনক নজির’ বলে আখ্যায়িত করেছেন এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় মার্কিন অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এটি অঞ্চলের ওপর ‘উদ্বেগজনক প্রভাব’ ফেলবে। মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে সব পক্ষকে সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে।
শনিবার ভোরে কারাকাসে মার্কিন বিমান হামলার পর মাদুরো দম্পতিকে ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি থেকে আটক করা হয়। তারপর তাদের মার্কিন জাহাজে করে নিউইয়র্কের পথে নেওয়া হয়। উড়োজাহাজটি নিউইয়র্ক সিটি থেকে ৭০ কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে। সেখান থেকে হেলিকপ্টারে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয় এবং পরে মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ) কার্যালয়ে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে—যা মাদুরো আগে থেকেই অস্বীকার করে আসছেন।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান: মাদুরো ও তার স্ত্রী আটকের দাবি
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রাশিয়া ও চীনের সমর্থনে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে কলম্বিয়া।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে ‘সফল’ বলে দাবি করেছেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































